আসিফ নজরুল ও পিএস মাসুমের বিরুদ্ধে দুদকে দুর্নীতির অভিযোগ, ব্রিফ করলেন ব্যারিস্টার সরোয়ার হোসেন

 আসিফ নজরুল ও পিএস মাসুমের বিরুদ্ধে দুদকে দুর্নীতির অভিযোগ, ব্রিফ করলেন ব্যারিস্টার সরোয়ার হোসেন

কে এম শফিউল আলম স্টাফ রিপোর্টার 


 সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল ও তার ব্যক্তিগত সহকারী (পিএস) মাসুম-এর বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ এনে দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন জমা দেওয়া হয়েছে। এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম সরোয়ার হোসেন।

বুধবার (৮ এপ্রিল) দুদক কার্যালয়ে এই অভিযোগ জমা দেন তিনি।

ব্রিফিংয়ে ব্যারিস্টার সরোয়ার হোসেন বলেন, একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে তিনি এই অভিযোগ দায়ের করেছেন। ওই প্রতিবেদনে দাবি করা হয়, আইন মন্ত্রণালয়ের অধীনে সাব-রেজিস্ট্রার বদলির ক্ষেত্রে ব্যাপক অনিয়ম ও ঘুষ বাণিজ্য হয়েছে।



তিনি জানান, ২০২৪ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের এপ্রিল পর্যন্ত প্রায় ৮ মাসে দেশের ৪০৩ জন সাব-রেজিস্ট্রারের মধ্যে ২৮২ জনকে বদলি করা হয়। এর মধ্যে অন্তত ২০০ জন কর্মকর্তা পছন্দের কর্মস্থলে যেতে ৫০ থেকে ৬০ লাখ টাকা পর্যন্ত ঘুষ দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। 

ব্যারিস্টার সরোয়ার দাবি করেন, এই বদলি বাণিজ্যের মাধ্যমে প্রায় শত কোটি টাকার বেশি লেনদেন হয়েছে। তিনি বলেন, “আমরা চাই দুদক বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করুক এবং সত্য উদঘাটন করুক।”

তিনি আরও অভিযোগ করেন, প্রতিষ্ঠিত বদলি নীতিমালা উপেক্ষা করে নিম্নগ্রেডের কর্মকর্তাদের উচ্চগ্রেডের পদে বসানো হয়েছে এবং যারা ঘুষ দিতে অস্বীকৃতি জানিয়েছেন, তাদের শাস্তিমূলক বদলি করা হয়েছে। 

ব্রিফিংয়ে তিনি বলেন, “আমরা বিশ্বাস করতে চাই আসিফ নজরুল সরাসরি জড়িত নন। তবে তার নাম যেহেতু প্রতিবেদনে এসেছে, তদন্তের মাধ্যমে তিনি নিজেকে নির্দোষ প্রমাণের সুযোগ পাবেন।

তিনি আরও অভিযোগ করেন, পিএস মাসুম এই পুরো প্রক্রিয়ায় মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছেন এবং প্রভাব খাটিয়ে বিভিন্ন বদলি কার্যক্রম পরিচালনা করেছেন।

দুদক সূত্রে জানা গেছে, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে কিনা সে বিষয়ে নিশ্চিত কোনো ঘোষণা দেওয়া হয়নি।

Post a Comment

Previous Post Next Post

News