রাণীশংকৈলে মৎস্যচাষীদের কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

 রাণীশংকৈলে মৎস্যচাষীদের কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত


মোঃ হামিম রানা, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:


ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মৎস্যচাষীদের কারিগরি দক্ষতা বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তিনির্ভর মাছ চাষে উদ্বুদ্ধ করতে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ জুন) সকাল ১০টায় ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের উদ্যোগে রাণীশংকৈল বন্দরের সোনালী ব্যাংকের উত্তর পাশে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।


প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুল জলিল। তিনি বলেন, দেশের ক্রমবর্ধমান মাছের চাহিদা পূরণ, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মৎস্য খাতের টেকসই উন্নয়নে আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষের গুরুত্ব অপরিসীম। সঠিক প্রযুক্তি ও ব্যবস্থাপনার মাধ্যমে মাছ চাষ করলে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি অধিক লাভবান হওয়া সম্ভব।



বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত আলী। এছাড়াও উপস্থিত ছিলেন অপূর্ব বর্মন, প্রডাকশন অফিসার, ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজ, বীরগঞ্জ, দিনাজপুর; মোঃ রাসেল মিয়া, এক্সিকিউটিভ অ্যাকুয়া টেকনিক্যাল সার্ভিস, এসকেএফ ফার্মাসিউটিক্যালস; এবং মোঃ তুষার বাবু, টেকনিক্যাল সার্ভিস অফিসার, এসকেএফ ফার্মাসিউটিক্যালস, রাণীশংকৈল, ঠাকুরগাঁও।


অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান ও সমন্বয়ের দায়িত্ব পালন করেন নাজমুল হাসান, অফিসার (সেলস), পঞ্চগড়-ঠাকুরগাঁও।


প্রশিক্ষণে মাছ চাষের আধুনিক প্রযুক্তি, পুকুর ব্যবস্থাপনা, মাছের রোগ প্রতিরোধ, সুষম খাদ্য প্রয়োগ, পানির গুণগত মান নিয়ন্ত্রণ এবং উৎপাদন বৃদ্ধির বিভিন্ন কার্যকর কৌশল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় অংশগ্রহণকারী মৎস্যচাষীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।



বক্তারা বলেন, প্রচলিত পদ্ধতির পরিবর্তে আধুনিক প্রযুক্তিনির্ভর মাছ চাষের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি, রোগবালাই নিয়ন্ত্রণ এবং উৎপাদন ব্যয় কমিয়ে অধিক মুনাফা অর্জন করা সম্ভব। ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম স্থানীয় মৎস্যচাষীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি তাদের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকার বিপুল সংখ্যক মৎস্যচাষী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে মূল্যায়ন পরীক্ষার আয়োজন করা হয়। এতে সর্বোচ্চ নম্বর অর্জনকারী তিনজন মৎস্যচাষীকে পুরস্কৃত করা হয়। পাশাপাশি সকল অংশগ্রহণকারীর হাতে প্রশিক্ষণ সনদ তুলে দেন অতিথিরা।

Post a Comment

0 Comments