পোল্ট্রি খাদ্য-ওষুধের দাম কমানো ও ডিম-মুরগির ন্যায্যমূল্যের দাবিতে বুড়িচংয়ে মানববন্ধন

পোল্ট্রি খাদ্য-ওষুধের দাম কমানো ও ডিম-মুরগির ন্যায্যমূল্যের দাবিতে বুড়িচংয়ে মানববন্ধন


মোঃ আবদুল্লাহ বুড়িচং কুমিল্লা।। 

পোল্ট্রি খাদ্য ও ওষুধের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি কমানো এবং ডিম ও মুরগির ন্যায্যমূল্য নিশ্চিতের দাবিতে কুমিল্লার বুড়িচংয়ে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন পোল্ট্রি ব্যবসায়ী ও প্রান্তিক খামারিরা।


বুধবার (৮ জুলাই) বুড়িচং প্রেস ক্লাবের সামনে বুড়িচং পোল্ট্রি অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. রফিকুল ইসলাম।



মানববন্ধনে উপস্থিত ছিলেন এসিআই-গোদরেজ ফিডের ডিলার ও বিআরডিবির চেয়ারম্যান মো. কবির হোসেন ভূঁইয়া, প্রান্তিক খামারি মো. শাহাদাৎ হোসেন, সালেহ আহমেদ বাবু, মো. আবুল হোসেন সাকিব, মো. কামরুল হাসান, মো. রাশেদ আক্রাম নিশাদ, মো. সফিকুল ইসলাম, মো. শিপন, ত্রিমন মিত্র, শুভ, মো. ইকবাল হোসেন, আইয়ুন মেম্বার, ইস্রাফিল হোসেন মামুন, আবুল হাসেম, মো. আনোয়ার হোসেন, মো. দেলোয়ার, হানিফ, আবুল কালাম খন্দকার, শাকিল, দুলাল হোসেনসহ আরও অনেকে।


বক্তারা বলেন, পোল্ট্রি ফিড ও ওষুধের লাগামহীন মূল্যবৃদ্ধির কারণে খামার পরিচালনা কঠিন হয়ে পড়েছে। উৎপাদন খরচ বেড়ে গেলেও ডিম ও মুরগির ন্যায্যমূল্য না পাওয়ায় অধিকাংশ খামারি লোকসানের মুখে পড়ছেন। বাজারে সিন্ডিকেট ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যের কারণে খামারিরা আরও ক্ষতিগ্রস্ত হচ্ছেন।



তারা বলেন, এ অবস্থা অব্যাহত থাকলে অনেক খামার বন্ধ হয়ে যাবে এবং দেশের পোল্ট্রি শিল্প মারাত্মক সংকটে পড়বে। তাই পোল্ট্রি খাদ্য ও ওষুধের দাম নিয়ন্ত্রণ, উৎপাদন খরচের সঙ্গে সামঞ্জস্য রেখে ডিম ও মুরগির ন্যায্যমূল্য নির্ধারণ, বাজারে সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং প্রান্তিক খামারিদের জন্য সহজ শর্তে ঋণ ও সরকারি প্রণোদনার দাবি জানান বক্তারা।


মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেনের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। একই সঙ্গে বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলমের কাছেও স্মারকলিপির একটি অনুলিপি হস্তান্তর করা হয়।

Post a Comment

Previous Post Next Post

News