টাঙ্গাইলে সংবাদ সংগ্রহে গণমাধ্যমকর্মীদের মারধর-হেনস্তার অভিযোগ, ক্লিনিকে আটকে রাখার দাবি

 টাঙ্গাইলে সংবাদ সংগ্রহে গণমাধ্যমকর্মীদের মারধর-হেনস্তার অভিযোগ, ক্লিনিকে আটকে রাখার দাবি


খন্দকার আউয়াল ভাসানী 


 সংবাদ সংগ্রহ করতে গিয়ে টাঙ্গাইলে তিন গণমাধ্যমকর্মীকে মারধর, গালিগালাজ, মোবাইল ফোন কেড়ে নেওয়া, হেনস্তা এবং ক্লিনিকের ভেতরে আটকে রাখার অভিযোগ উঠেছে ঢাকা ক্লিনিকের কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে।

সোমবার (২৪ আগস্ট) সকালে টাঙ্গাইল সদর থানাধীন ঢাকা ক্লিনিকে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী গণমাধ্যমকর্মী মো. সোহেল রানা। এ ঘটনায় তিনি টাঙ্গাইল সদর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।



অভিযোগ সূত্রে জানা যায়, মাদরাতুল কুরআন অ্যান্ড ব্রাইট ফিউচার স্কুলের এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় তার হাত ভেঙে গুরুতর আহত হয়। প্রথমে তাকে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হলেও উন্নত চিকিৎসার জন্য পরে ঢাকা ক্লিনিকে নেওয়া হয়। বিষয়টি নিয়ে সংবাদ সংগ্রহের জন্য সোমবার সকাল সাড়ে ১১টার দিকে সোহেল রানা, তার সহকর্মী মো. শহিদুল ইসলাম টিটু এবং দৈনিক যুগ যুগান্তরের গণমাধ্যমকর্মী তানিয়া ইসলাম ঢাকা ক্লিনিকে যান।

অভিযোগে বলা হয়েছে, সংবাদ সংগ্রহের সময় ক্লিনিকের ম্যানেজার মো. সরোয়ার, মার্কেটিং কর্মকর্তা মো. ওমর বাবু, সহকারী ম্যানেজার কৃষ্ণ ঘোষ এবং এক চিকিৎসকের সহকারী মো. মশিউর রহমান তাদের গালিগালাজ করেন এবং সংবাদ সংগ্রহে বাধা দেন। একপর্যায়ে তাদের মারধর করে ক্লিনিকের ভেতরে আটকে রাখা হয় বলে অভিযোগ করেন তারা।



আরও অভিযোগ করা হয়, কৃষ্ণ ঘোষের নির্দেশে ম্যানেজার সরোয়ার নারী গণমাধ্যমকর্মী তানিয়া ইসলামের কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নেন এবং তাকে হেনস্তা করেন। একই সময়ে ওমর বাবু ক্লিনিকের গেট বন্ধ করে দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গণমাধ্যমকর্মীদের উদ্ধার করে বলে অভিযোগকারীরা জানান।

ভুক্তভোগীদের দাবি, ঘটনার সময় পুনরায় সংবাদ সংগ্রহে গেলে তাদের হত্যা করে লাশ গুম করে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে। এ ঘটনায় তারা নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত বলে অভিযোগে উল্লেখ করেন।

ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী গণমাধ্যমকর্মীরা।

তবে অভিযোগগুলোর বিষয়ে ঢাকা ক্লিনিক কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Post a Comment

Previous Post Next Post

News