আসিফ মাহমুদ করছেন না নির্বাচন পেলেন এনসিপিতে গুরুদায়িত্ব

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তাঁকে দলটির নির্বাচন পরিচালনা কমিটির প্রধানের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। তবে দলের বৃহত্তর স্বার্থে তিনি আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন।

pic:Facebook

সোমবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এই ঘোষণা দেন। নাহিদ জানান, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নিজে নির্বাচনে অংশ না নিয়ে দলের সামগ্রিক নির্বাচনী কার্যক্রম সমন্বয় করবেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা–১০ এবং তাঁর পক্ষে কুমিল্লা–৩ (মুরাদনগর) আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছিল। গত ১২ ডিসেম্বর আসিফ মাহমুদ নিজেই ঢাকা-১০ আসন থেকে নির্বাচনের লড়াইয়ে নামার কথা জানিয়েছিলেন। এর ঠিক দুই দিন আগে তিনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছিলেন।

আসিফ মাহমুদের নতুন দায়িত্ব প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, ‘নির্বাচনের গুরুভার বহন এবং এই ক্রান্তিকালে সংগঠনকে সুসংগঠিত রাখার জন্য আসিফ মাহমুদ নির্বাচনে অংশগ্রহণ করবেন না। এনসিপির মনোনীত প্রার্থীরা যাতে বিজয়ী হয়ে সংসদে গণঅভ্যুত্থানের কণ্ঠস্বর হয়ে উঠতে পারেন, সেই লক্ষ্যেই তিনি কাজ করবেন। তাঁকে আমাদের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান করা হয়েছে।’


দলীয় সূত্রে জানা গেছে, এর আগে এই দায়িত্বে ছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি নিজে নির্বাচনে প্রার্থী হওয়ায় এই পদ থেকে অব্যাহতি নিয়েছেন। নাহিদ ইসলাম আরও জানান, নির্বাচন পরিচালনা কমিটিটি নতুন করে পুনর্গঠন করা হবে এবং সেখানে শুধুমাত্র তাঁরাই থাকবেন, যাঁরা সরাসরি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না।



Post a Comment

Previous Post Next Post

News