চট্টগ্রামে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফি

 চট্টগ্রামে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল।


পারভেজ বাঙালী।

চট্টগ্রাম প্রতিনিধি।


নানা কর্মসূচির মধ্য দিয়ে চট্টগ্রামে বিএনপির প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (৩০ মে) সন্ধ্যা ৭টায় বন্দর পোর্ট কলোনী রেলওয়ে একাডেমি সংলগ্ন জিয়া স্মৃতি সংসদ মিলনায়তনে আলোচনা সভা, দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।


বন্দর থানা যুবদল নেতা রিয়াজুল হাসান রাশেদ বাবুর সভাপতিত্বে এবং আলতাফ হোসেন শাওনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ-সম্পাদক মিফতাহ উদ্দিন সিকদার টিটু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য মোখলেছুর রহমান।



প্রধান অতিথির বক্তব্যে মিফতাহ উদ্দিন সিকদার টিটু বলেন, "শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে আধুনিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে হবে।" এ সময় তিনি দেশের চলমান ক্রান্তিলগ্নে রাষ্ট্রনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান।


বিশেষ অতিথির বক্তব্যে মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য মোখলেছুর রহমান বলেন, "শহীদ জিয়া ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং উৎপাদন ও উন্নয়নের রাজনীতির রূপকার। তার প্রদর্শিত জাতীয়তাবাদী দর্শন ধারণ করেই আজ আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে এগিয়ে যেতে হবে। দেশের যেকোনো সংকটে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।"



উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন যুবদল নেতা মোয়াজ্জেম হোসেন, সুজন কুমার রায়, উজ্জ্বল হোসেন ইমাম, সোহেল, আকতার, রুবেল, সজিব, রাসেল, সুমন; তরুণ শ্রমিক দল নেতা কামরুল হাসান চৌধুরী এবং ছাত্রদল নেতা তারেক খাঁন, ফাহিম মোর্শেদ সামিদ, আনাছ,  রিপনসহ অন্যান্য নেতৃবৃন্দ।


আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে উপস্থিত নেতৃবৃন্দকে সাথে নিয়ে একটি পরিবেশবান্ধব বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠান শেষে শহীদ জিয়ার আত্মার মাগফিরাত এবং দেশের সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Post a Comment

Previous Post Next Post

News